নোবিপ্রবির ভর্তি পরীক্ষাকে ঘিরে তৎপর প্রতারক চক্র

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ২২:৫৭
 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার ও আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর হয়েছে একটি জালিয়াত চক্র। চক্রটি প্রশ্নপত্র প্রদানের আশ্বাস দিয়ে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের প্রতারিত করার অপতৎপরতা চালাচ্ছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, নোবিপ্রবি বা এনএসটিইউর নাম ব্যবহার করে ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ ও পেইজে প্রশ্নপত্র প্রদান এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয়ার মতো অপপ্রচার চালাচ্ছে চক্রটি। এছাড়া হোয়াটসআ্যপ, ইমো ও নির্দিষ্ট মোবাইল নম্বরে অর্থ লেনদেনের কথাও জানাচ্ছে তারা।
 
এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এ ধরনের ফেসবুক আইডি, গ্রুপ ও মোবাইল নম্বর থেকে সতর্ক থাকার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (WWW.NSTU.EDU.BD) ও ফেসবুক গ্রুপ ((NSTU PUBLIC RELATIONS নোবিপ্রবি জনসংযোগ)-এর সহায়তা নেয়ার নির্দেশনা দিয়েছেন কর্তৃপক্ষ।
 
ইত্তেফাক/আরকেজি