কামাল রশিদ খান ওরফে কেআরকে একজন ভারতীয় ফেম সিকার। বলিউডের যাবতীয় সিনেমার তিনি একজন স্বঘোষিত সমালোচক। নিত্য নতুন বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়ে আলোচিত থাকতে পছন্দ করেন এ ব্যক্তি। সম্প্রতি তিনি আত্মহত্যার হুমকি দিয়ে আবারো খবরের শিরোনাম হয়েছেন।
একটার পর একটা উদ্ভট কাণ্ড ঘটাতে পটু কামাল কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড তারকাদের নিয়ে আপত্তিকর ট্রোল করছেন, কখনোবা নির্বিকারে কুরুচিকর মন্তব্য করে যাচ্ছেন। শাহরুখ, সালমান, আমির, অক্ষয়, অজয় কেউ তার ঝাঁঝালো মন্তব্য থেকে রক্ষা পান নি। আর এজন্য নিজেও কম সমালোচিত হচ্ছেন না, তবুও যেন কিছুতেই তার এসব উল্টাপাল্টা কাজ থামছেই না।
তবে এবার উদ্ভট কাজের শাস্তি স্বরূপ তার টুইটার অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে। ধারণা করা হচ্ছে আমির খানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’কে ট্রোল করায় তার অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে। আর তাতেই তেলে-বেগুনে ক্ষেপে উঠেছে কেআরকে। না জানিয়ে হুট করে অ্যাকাউন্ট সাসপেন্ড করায় টুইটারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন তিনি।
টুইটারে নিজের ৬০ লাখ ফলোয়ার বানাতে তিনি নাকি প্রায় ৫ লাখ টাকা খরচ করেছেন, টুইটার যদি এ টাকা তাকে না ফিরিয়ে দেয় তবে মামলা করবেন তিনি। কিন্তু কেআরকের এ ধরণের উদ্ভট হুমকিতে কাজ হয়নি কোনো। টুইটারের নীরব ভূমিকার কারণের ফলে এবার তিনি গণমাধ্যমের কাছে একটি প্রেস রিলিজ পাঠালেন, যেখানে লেখা আছে- ১৫ দিনের মধ্যে কেআরকে যদি তার টুইটার অ্যাকাউন্ট ফিরে না পান, তবে আত্মহত্যার পথ বেছে নিবেন। এখন দেখা যাক, টুইটার কর্তৃপক্ষের মন গলে কি না! জি নিউজ।
ইত্তেফাক/রেজা
