সমর্থককে মাথায় লাথি মারার অপরাধে নিজ দলের ফুটবলার প্যাট্রিক এভ্রাকে নিষিদ্ধ করেছে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে অলিম্পিক মার্সেই এর ম্যাচ ছিল পর্তুগালের ভিতোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। সেই ম্যাচ শুরুর আগে এক সমর্থকের মাথায় ‘কুং ফু’-র কায়দায় লাথি মেরে লাল-কার্ড পেয়ে আর খেলা হয়নি এভ্রার। উয়েফার কড়া শাস্তির খাঁড়াও ঝুলছে তাঁর মাথায়। উয়েফার সিদ্ধান্ত জানা যাবে ১০ নভেম্বর।
উয়েফার শাস্তি ঘোষণার আগেই নিজের ক্লাব কর্তৃপক্ষই এভ্রাকে নিষিদ্ধ করল। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয, একজন পেশাদার ও অভিজ্ঞ ফুটবলার হিসেবে এভ্রা যা করেছেন তা ঠিক করেনি। সমর্থকদের বিদ্রুপ, গালাগালের সামনে পড়লে কীভাবে আত্মসংযম দেখাতে হবে তা জানা উচিত একজন পেশাদার ফুটবলারের।
ওই ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে ওয়ার্ম আপ করছিলেন এভ্রা। সেই সময়ই বিলবোর্ড-এর ধারে জড়ো হওয়া শ’দু’য়েক মার্সেই সমর্থক এভাকে গালিগালাজ ও তীর্যক উক্তি করে। গালিগালাজ বাড়লে এভা তেড়ে যান সমর্থকদের দিকে। সতীর্থরা শুরুতে কোনওমতে তাঁকে আটকালেও এর পরেই দেখা যায় এভ্রা গ্যালারির এক মার্সেই সমর্থকের মাথায় লাথি মারছেন। সমর্থকরা দলবদ্ধ হয়ে এ বার তেড়ে যায় এভ্রার দিকে। নিরাপত্তারক্ষীরা এভাকে সরিয়ে নিয়ে গেলেও রেফারি এই ঘটনার পর লাল-কার্ড দেখিয়ে ড্রেসিংরুমে পাঠিয়ে দেন এভ্রাকে।
ইত্তেফাক/কেআই
