রূপা হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টায় প্রতিবাদ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৯:৩৯
 
রূপা খাতুন হত্যা ও গণধর্ষণের চাঞ্চল্যকর মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে ৩০ অক্টোবর (সোমবার) ময়মনসিংহ প্রেসক্লাবে আসামির স্বজনরা সংবাদ সম্মেলন করে। মিথ্যাচারের প্রতিবাদে তাড়াশের সচেতন নাগরিক সমাজ সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে তাড়াশ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন নাগরিক সমাজের পক্ষে অধ্যপক শফিউল হক বাবলু।
 
লিখিত বক্তব্যে তিনি বলেন, রূপা হত্যা মামলার আসামিদের স্বজনরা সংবাদ সম্মেলনের নামে মিথ্যাচার করেছেন। তারা কাল্পনিক কাহিনী তৈরি করে মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। যখন সরকারের ইচ্ছায় মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন আত্মস্বীকৃত পাঁচ আসামির স্বজনরা লিখিত বক্তব্যে আসামিদের নির্লজ্জভাবে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাওয়ার হীন প্রচেষ্টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করে আসামির স্বজনরা বলেছেন, রূপা ছোঁয়া পরিবহনে নয় মুক্তা পরিবহনে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন। 
 
তিনি আরো বলেন, যখন মামলাটি সতর্কতার সাথে তদন্ত শেষে অভিযোগ পত্র দাখিল হয়েছে তখন প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেনকে উপস্থাপন করে তা ভিন্ন খাতে প্রভাবিত করার ঘৃণ্য প্রচেষ্টা হিসেবেই তারা দেখছেন। 
 
রূপা হত্যা ও গণধর্ষণের চাঞ্চল্যকর মামলার ডিএনএ প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন, পাঁচ আসামির বিজ্ঞ আদালতে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত থাকার স্বীকারোক্তি দেওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। এরপরও এমন লজ্জাজনক সংবাদ সম্মেলনের নামে পাঁচ নরপশুর পক্ষ নেওয়া দেশবাসীকে মর্মাহত ও বিক্ষুব্ধ করেছে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক সমাজের নেতা আব্দুর রাজ্জাক রাজু, রূপার বড়ভাই ও মামলার বাদী মো. হাফিজুর রহমান, অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি