মাত্র ১৫ বছর বয়সে ন্যু ক্যাম্পে এসেছিলেন লিওনেল মেসি। এরপর থেকে আছেন একই ঠিকানায়। জুনিয়র পর্যায় থেকে ক্যারিয়ার শুরু করে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বার্সার হয়ে সেই মেসির এবার আরেকটি মাইলফলক পূর্ণ হলো। কাতালান ক্লাবটির হয়ে খেলে ফেললেন ৬০০তম ম্যাচ। ক্লাবটিতে সর্বোচ্চ ম্যাচ খেলার দিক থেকে এখন মেসির চেয়ে আছেন শুধু জাভি হার্নান্দেজ (৭৬৭) ও আন্দ্রেস ইনিয়েস্তা।
শনিবার রাতে মাইলফলকের ম্যাচে মেসি অবশ্য গোল পাননি। তবে এদিন জোড়া গোল করে নায়ক বনে গেছেন অখ্যাত পাকো আলকাস। সেই সুবাদে বার্সা ২-১ গোলে ম্যাচ জিতেছে। দলটি ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে নিরাপদই আছে।
২০০৩ সালে ন্যু ক্যাম্পে আগমনের পর থেকে বিগত ১৪ বছরে সবধরনের প্রতিযোগিতা মিলে মেসি ৬০০ ম্যাচ খেলেছেন। যেখানে তাঁর গোলসংখ্যা ৫২৩। এছাড়া পেছনের কারিগর হিসেবে করিয়েছেন ২৩৪ গোল। রয়েছে ৩৯টি হ্যাটট্রিকও। সব মিলিয়ে জিতেছেন মোট ৩০টি ট্রফি। এই ৬০০ ম্যাচের মধ্যে ৪২৫ ম্যাচে দল জিতেছে। ৬৯ ম্যাচে হারের পাশাপাশি ড্র হয়েছে ১০৫টি ম্যাচ।
ইত্তেফাক/কেআই
