নেইমারকে ছাড়াই পিএসজির গোল উৎসব

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১১:৫৬
ব্রাজিলিয়ান তারকা নেইমারের অনুপস্থিতিতেও গোল উৎসব করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানির জোড়া গোলে শনিবার রাতে অ্যাঞ্জার্সের বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে দলটি। এতে ১২ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।
 
লিগ ওয়ানের এই ম্যাচে বিশ্বের সবচেয়ে দামি নেইমারসহ গুরুত্বপূর্ণ চারজন খেলোয়াড়কে ছাড়াই লড়াইয়ে নামতে হয়েছিল উনাই এমেরিকে। এমবাপে-কাভানি সেই শূন্যতা বুঝতেই দেননি। খেলার পঞ্চম মিনিটে প্রথম সুযোগেই দলকে এগিয়ে দেন এমবাপে। ডান দিক থেকে দানি আলভেসের দারুণ ক্রসে ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি এই ফরোয়ার্ড। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইউলিয়ান ড্রাক্সলার। আলভেসের নিখুঁতভাবে বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান জার্মান মিডফিল্ডার।
IMG0
৩০ মিনিটে কাভানি দলের পক্ষে তৃতীয় গোল করেন। লিগ ওয়ানে এটি তার শততম গোল। সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পিএসজির জার্সিতে ফরাসি লিগে শততম গোল করলেন তিনি। ৬০ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন কাভানি। মাঝমাঠ থেকে ড্রাক্সলারের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে প্রতিপক্ষের জাল ভেদ করেন তিনি। এটি লিগে কাভানির ত্রয়োদশ গোল। এর ফলে চলতি মৌসুমে লিগে শীর্ষ গোলদাতা মোনাকোর রাদামেল ফ্যালকাওকে ধরে ফেলেছেন তিনি।
 
অ্যাঞ্জার্সের কফিনে শেষ পেরেক ঠুকেন এমবাপে। ৮৪ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস মৌরার পাস থেকে পাওয়া বলে গোলরক্ষককে কাটিয়ে কোনাকুনি শটে ম্যাচে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন তিনি।
 
ইত্তেফাক/কেআই