বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে বুন্ডেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। বরুসিয়ার ঘরের মাঠে শনিবার জার্মানির শীর্ষ লিগে ৩-১ গোলে জিতেছে টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা।
খেলার ১৬ মিনিটে আরিয়েন রবেনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডোস্কি। লিগে এ পর্যন্ত সর্বোচ্চ ১১ গোল করলেন এই এই পোলিশ তারকা। আর ৬৮ মিনিটে জয় নিশ্চিত করেন দাভিদ আলাবা। শেষ দিকে স্বাগতিকদের পক্ষে একটি গোল শোধ করেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বার্ত্রা।
১১ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। দিনের অন্য ম্যাচে হানোভারকে ২-১ গোলে হারানো লাইপজিগ ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। শালকের সমান ২০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড।
ইত্তেফাক/কেআই
