নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্যই রাজকোটে নেমেছিল ভারত। কিন্তু তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে জিতে উল্টো নিউজিল্যান্ডই সিরিজে সমতা ফেরাল। এখন উল্টো ভারতই কিউইদের কাছে হেরে গেল ৪০ রানের বড় ব্যবধানে। এখন আগামী ৭ নভেম্বর কেরালায় শেষ ম্যাচটি দুদলের জন্য অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।
শনিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। সিদ্ধান্তের বদল হতেই ফল মিলল হাতেনাতে। এ দিন ওপেনিং জুটিতে ১০৫ রান তোলে নিউজিল্যান্ড। শুরু থেকে শেষ পর্যন্ত কিউই ব্যাটিং লাইনআপকে একাই নেতৃত্ব দেন ওপেনার কলিন মুনরো। ৫৮ বলে মুনরোর ১০৯ রানের অপরাজিত ইনিংসের দৌলতে এ দিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় কিউইরা। মুনরো ছাড়াও এ দিন রান পান মার্টিন গাপটিল (৪৫)। পরে টম ব্রুসের খেলা ১২ বলে ১৮ রানের ইনিংস নিউজিল্যান্ডকে ১৯৬ রানে পৌঁছতে সাহায্য করে। ভারতের হয়ে অভিষেক ম্যাচে উইকেট নেন মুহাম্মদ সিরাজ, অপর উইকেটটি নেন যুজবেন্দ্র চাহাল।
জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ২ ওভারের মধ্যেই দুই ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ২৩ রান করে আউট হল শ্রেয়স আইয়ার। প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও বড় রান পাননি হার্দিক পাণ্ডে (১)। পরে অধিনায়ক বিরাট কোহলি এবং মহেন্দ্র সিংহ ধোনি কিছুটা লড়াই চালালেও, সেটা যথেষ্ট ছিল না ভারতকে জয় এনে দেওয়ার জন্য। ৬৫ রান করে সাঁটনারের বলে আউট হয়ে ক্রিজ ছাড়েন কোহলি। ৪৯ রান করে বোল্টের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন এমএস ধোনি।
নিউজিল্যান্ডের হয়ে দুরন্ত বল করেন ট্রেন্ট বোল্ট। একাই চার উইকেট নেন এই তারকা বোলার। একটি করে উইকেট নেন মিচেল সাঁটনার, ইশ সোধি এবং কলিন মুনরো।
ইত্তেফাক/কেআই
