আনুশকার জন্যই বিরাট ‘জেন্টলম্যান’

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৪:৩৩
তাঁর জীবনে আনুশকা শর্মার ভূমিকা নিয়ে ফের প্রকাশ্যে সরব বিরাট কোহলি। বলে দিলেন, আনুশকাই তাঁকে ‘জেন্টলম্যান’ বানিয়েছেন। বলিউড অভিনেত্রীকে ‘লেডি লাক’ হিসেবে বর্ণনা করে একটি টক শো-তে কোহলি বলেন, ‘আমার পাল্টে যাওয়ার জন্য লেডি লাককেই ধন্যবাদ দিতে হবে। আমার কোনও কাণ্ডজ্ঞানই ছিল না আগে। কিন্তু যে দিন থেকে আনুশকা আমার জীবনে এসেছে, ও আমাকে অনেক কিছু শিখিয়েছে।’ ভারত অধিনায়ক যোগ করেন, ‘গত চার বছরে অনেক দায়িত্বসম্পন্ন হয়েছি। আনুশকাই শিখিয়েছে, কীভাবে ধৈর্য রাখতে হয়।’
 
জীবনের কঠিন সময়ে সব সময় আনুশকা তাঁর পাশে থেকেছেন বলেও জানান বিরাট। বলেন, ‘আমি আমার মতোই চলতাম সবসময়। কিন্তু পরিবর্তনটা আসে আনুশকা আমার জীবনে আসার পরে। ২০১৪-তে ইংল্যান্ডে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। রান পাচ্ছিলাম না ওই সফরে। আনুশকা বুঝতে পেরেছিল, আমি কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। সব সময় আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছিল আনুশকা।’
 
এরপরই অস্ট্রেলিয়ায় গিয়ে মিচেল জনসনকে পিটিয়ে চার টেস্টে চারটি সেঞ্চুরি করেন কোহলি। সেই সময় আনুশকা তাঁর পাশে ছিলেন। ‘অনুষ্কার উপস্থিতিতে ওই সিরিজে রান করাটা আমাদের দু’জনের কাছেই বিশেষ প্রাপ্তি ছিল। ইংল্যান্ডে প্রচুর সমালোচনা শুনতে হয়েছিল আমাদের দু’জনকে। সকলে বলতে শুরু করে সফরে গার্লফ্রেন্ড আছে বলেই নাকি আমি রান পাচ্ছি না।’ সোজাসাপ্টা কোহলি এমনও মন্তব্য করেন যে, ‘লোকে ভাবে হয় তোমাকে বিয়ে করতে হবে, নয়তো কোনও সম্পর্ক রাখা যাবে না। আমাদের এখানে মানুষের মনোভাব সেটাই।’
 
কিন্তু তারকা হয়েও প্রকাশ্যে প্রেম নিয়ে কথা বলেন কী করে? কোহলি জানান, এ ব্যাপারে তাঁর প্রেরণা জাহির খান। ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসারই তাঁকে পরামর্শ দেন, ‘তুই কোনও অন্যায় করছিস না। নিজের সম্পর্কের কথা কখনও লুকোবি না।’ আনুশকার সঙ্গে তাঁর সম্পর্কের কথা জাহিরকেই প্রথম জানিয়েছিলেন কোহলি। জাহির জীবনের সমস্যা নিয়ে পরামর্শ দেওয়ার ব্যাপারে আদর্শ ব্যক্তি বলেও জানান কোহলি।
 
ইত্তেফাক/কেআই