‘মাদক, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে’

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৭:০৭
 
যতই শক্তিশালী হোক না কেন মাদক ব্যবসায়ী, জঙ্গি ও সন্ত্রাসীদের হাত-পা গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা পিপিএম। রবিবার দুপুর ১টায় হাটহাজারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি পরবর্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, পুলিশই জনতা-জনতাই পুলিশ। সমাজে অপরাধীর সংখ্যা খুবই কম। জনগণ পুলিশকে মাদক ব্যবসায়ী, জঙ্গি ও সন্ত্রাসীদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে তারা সমাজে কোনো স্থান পাবে না। 
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে গত ২৮ অক্টোবরেরর পরিবর্তে রবিবার বেলা ১১টায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন শ্রেণিপেশার লোক অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি মডেল থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সম্মুখস্থ অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) চট্টগ্রাম জেলা মশিউদ্দৌলা রেজা, পিপিএম।বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, শিক্ষানবীশ সহকারি পুলিশ সুপার আকলিমা আকতার, হাটহাজারী মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক অধ্যক্ষ এস. এম. নুরুল হুদা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নুরুল আলম।
 
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলনবিশেষ অতিথি ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে ইদ্রিস মিয়া তালুকদার, সরোয়ার মোর্শেদ তালুকদার, এডভোকেট মো. শামিম, আলমগীর জামান সিআইপি, নুরুল আবচারসহ বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং নেতারা। 
 
সভায় বক্তারা-বাল্য বিয়ে বন্ধ, ইভটিজিং, সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও মাদকের বিষাক্ত ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করাসহ সমাজ থেকে সব অপরাধ দূর করার উদ্দেশে পুলিশের সঙ্গে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
 
ইত্তেফাক/কেকে