টস করতে দেরি করায় সতর্ক করা হলো নাসিরকে

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৬:৪১
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয় এবারের আসরের নতুন দল সিলেট সিক্সার্স। ম্যাচের আগে টস করতে মাঠে আসতে ৬ মিনিট দেরি করেন সিলেটের অধিনায়ক নাসির হোসেন। এমনকি দলের খেলোয়াড় তালিকায় দিতেও ব্যর্থ হন নাসির। তাই নাসিরকে সতর্ক করে দেয়ার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। 
 
বিপিএলের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুরু করে নাসিরের সিলেট। সাকিবের ঢাকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। তবে ম্যাচের আগে টস-এর জন্য ৬ মিনিট দেরি করায় ম্যাচ শেষে আচরণবিধি ভঙ্গের দায়ে পড়েন নাসির।
 
নাসিরের সঙ্গে অভিযুক্ত হয়েছেন সিলেটের ম্যানেজার জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তও। দু’জনই তাদের দোষ শিকার করে নেয়ায় আনুষ্ঠানিকভাবে কোন শুনানির প্রয়োজন পড়েনি।
 
বিপিএলের আচরণ বিধি অনুযায়ী, চারটি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি পরিণত হবে নিষেধাজ্ঞায়। তখন এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। বাসস।
 
ইত্তেফাক/রেজা