‘যাবজ্জীবন দণ্ড মানেই আমৃত্যু কারাবাস’- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এ রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। সাভারের একটি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আতাউর রহমান মৃধা গতকাল রবিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করেন।
সাভারের জামান হত্যা মামলায় আপিল বিভাগ এক রায়ে বলেন, যাবজ্জীবন কারাদণ্ড অর্থ আমৃত্যু কারাবাস। এক্ষেত্রে ৩০/২০ বছরের সাজা দেওয়া হবে অসামঞ্জস্যপূর্ণ ও অসন্তোষজনক। রায়ে বলা হয়, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ (রেয়াত) পাওয়ার কোনো অধিকার নেই। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি অন্য কোনো সুবিধা (রেয়াত) পাওয়ার দাবি করতে পারে না। গত ২৪ এপ্রিল আপিল বিভাগ এ রায় প্রকাশ করে।
পাশাপাশি হত্যা মামলার তিন আসামি মো. আনোয়ার হোসেন, আতাউর মৃধা ও কামরুলকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাবাস দেয়া হয়। এই রায় পুনর্বিবেচনা চেয়ে এক আসামি রিভিউ পিটিশন দায়ের করেন বলে জানান তার আইনজীবী শিশির মো. মনির। ২০০১ সালের ১৬ ডিসেম্বর জামান ইয়াসিনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হত্যার ঘটনায় জামানের পিতা মো. সিরাজুল ইসলাম সাভার থানায় পরদিন একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দেন আদালত।
ইত্তেফাক/এমআর
