আইনমন্ত্রী নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন: রিজভী

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ০৯:০৮
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনমন্ত্রী আনিসুল হক এখতিয়ারের বাইরে গিয়ে বিচার বিভাগ নিয়ে অনেক কথা বলছেন, কাজ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, আইনমন্ত্রীর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তিনি নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন। উচ্চ আদালত কীভাবে চলবে তা যেন তিনিই ঠিক করছেন। এসব দেখে মনে হয় তিনি যেন প্রধান বিচারপতি।
 
গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়া গেছেন। আগামী ১০ নভেম্বর তার ছুটি শেষ হবে। ছুটি শেষ হলেও তিনি কাজে যোগ দিতে পারবেন কি না তা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন রিজভী।
 
রিজভী আরো বলেন, সরকারি-বেসরকারি মিলে দেশে যে ৫৭টি ব্যাংক আছে, তার মধ্যে প্রায় ৫৬টি ব্যাংকেই ভোটারবিহীন সরকারের কালো থাবা পড়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লুটপাটের সুযোগ করে দিতে যে ঋণ জালিয়াতির ঘটনা এসব ব্যাংকে ঘটেছে তা রীতিমতো আঁতকে ওঠার মতো।
 
বিএনপির কর্মসূচি সম্পর্কে রিজভী জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। দিবসটি উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ ও গণপূর্ত কর্তৃপক্ষকে ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে।
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর