অস্ত্র কোন সমস্যা নয়, টেক্সাস হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৬:২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, টেক্সাসে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনার জন্য অস্ত্র নয়, ‘মানসিক স্বাস্থ্যই’ দায়ী।
 
ট্রাম্প বলেন, ‘আমাদের দেশে মানসিক স্বাস্থ্য সমস্যা প্রকট। এটি অস্ত্রের সমস্যা নয়।’ রবিবার টেক্সাসের একটি গির্জায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস’র ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ২৫ জন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট গির্জায় বন্দুকধারীর গুলিতে ২৬ জন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন শ্বেতাঙ্গ তরুণ। মার্কিন গণমাধ্যম জানিয়েছে হামলাকারী হচ্ছে ২৬ বছর বয়সী ডেভিন প্যাট্রিক কেলি। মার্কিন এয়ারফোর্সের এই সাবেক সদস্যকে স্ত্রী ও সন্তানকে মারধোর করায় কোর্ট মার্শাল করে বরখাস্ত করা হয়। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। বিবিসি ও এএফপি।  
 
ইত্তেফাক/সাব্বির