বিএনপির সমাবেশ পিছিয়ে শনিবার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৮:৩৭
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভার কারণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। বিএনপি নতুন করে এই সমাবেশের তারিখ ঘোষণা করেছে ১১ নভেম্বর। ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে। সমাবেশে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেবেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান।
 
রিজভী বলেন, আমরা আশা করছি, সরকার অনুমতি দিয়ে সমাবেশ করার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে। সমাবেশের জন্য তাদের প্রস্তুতি চলছে। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নিয়ে প্রস্তুতি সভা করা হয়েছে। আশা করছি, কর্মসূচি সফল হবে।
 
দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুমতির বিষয়ে চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়াকে নিয়ে তিনি সকালে ডিএমপিতে গিয়েছিলেন। ডিএমপি থেকে বলা হয়েছে, একই দিনে দু'টি রাজনৈতিক দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছে। এছাড়া আগারগাঁওয়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলন চলছে। তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কোনো দলকেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হবে না। এটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। সিপিএ সম্মেলন শেষ হলে বিএনপি যদি পুনরায় সমাবেশের অনুমতি চায় তাহলে বিষয়টি বিবেচনা করা হবে।
 
ইত্তেফাক/এমআই