৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ে সভা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৯:৪৪
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে সভা করেছে তথ্য মন্ত্রণালয়।
আজ সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে তথ্যসচিব মরতুজা আহমদ পরিচালিত এ সভায় জাতির পিতার ঐতিহাসিক এ ভাষণটির তাৎপর্য দেশে-বিদেশে তুলে ধরার জন্য নানামুখী কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
 
প্রস্তাবিত কর্মসূচির মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ধারণ, সংরক্ষণ ও প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান এবং ইউনেস্কো স্বীকৃতির বিষয়ে উদ্যোক্তা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘বজ্রকণ্ঠ’ অনুষ্ঠানের সঙ্গে যুক্তদের সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান প্রচার।
 
এর পাশাপাশি বেতার ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানসহ সৃষ্টিশীল ও প্রামাণ্য অনুষ্ঠান সম্প্রচারের বিষয়েও সভায় আলোচনা হয়।
 
রাষ্ট্রীয়ভাবে ৭ মার্চের ভাষণকে ত্রি-মাত্রিক চলচ্চিত্রে রূপদান, পুস্তক ও পোস্টার প্রকাশের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে ৭ মার্চের ভাষণের ওপর জেলা ভিত্তিক আলোচনা ও শিশু-কিশোরদের কুইজ প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনের জন্য গণযোগাযোগ অধিদফতর এবং নিবন্ধ, স্মৃতিচারণমূলক লেখা, কবিতা ও গল্প প্রকাশের জন্য তথ্য অধিদফতর ও বাংলাদেশ সংবাদ সংস্থার অগ্রণী ভূমিকা গ্রহণের বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়। বাসস
 
ইত্তেফাক/কেকে