রোহিঙ্গাদের সহায়তা দিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সম্মত আছে বলে জানিয়েছেন এডিবির দক্ষিণ এশীয় বিভাগের মহাপরিচালক হাম কিম।
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকে তিনি একথা জানিয়েছেন। বাংলাদেশ এই সহায়তা নিতে প্রকল্প তৈরি করছে।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, চিকিৎসাহ বিভিন্ন খাতে বাংলাদেশকে আগামী ৫ বছরে ৮০০ কোটি ডলার সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটিও সামনে এসেছে। এডিবি এক্ষেত্রেও সহায়তা দিতে রাজি আছে। আমরাও সহায়তা চাইবো এবং সেজন্যে প্রকল্প তৈরির কাজ চলছে। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে অগ্রগতির ওপর পুরো বিষয়টি নির্ভর করছে।
অর্থমন্ত্রী আরো জানান, শুরুতে ভেবেছিলাম রোহিঙ্গারা আমাদের বাজেট তছনছ করে দেবে। কিন্তু তেমন প্রভাব ফেলছে না। বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলোও সহায়তা করছে। তাই খুব বেশি চাপ পোহাতে হচ্ছে না। কিছু চাহিদার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। সেটা খুব বেশি নয়।
ইত্তেফাক/ইউবি
