অবসর নেবেন আগেই জানিয়েছিলেন। কিন্তু সময়টা জানাননি। সোমবার হঠাৎই সেই অবসর ঘোষণা করে দিলেন ইতালির তারকা ফুটবলার আন্দ্রে পিরলো। ৩৮ বছরের সাবেক এই জুভেন্টাস তারকা খেলেছেন ইন্টার মিলান, এসি মিলান-এর মতো ক্লাবের হয়ে। অবসর ঘোষণার আগের দিনই বর্তমান ক্লাব নিউইয়র্ক সিটির হয়ে খেলেছেন কলোম্বাস ক্রিউয়ের বিপক্ষে। শেষ ম্যাচে পিরলোর দল নিউইয়র্ক এফসি ২-০ গোলে জিতেছে কলম্বাসের বিপক্ষে।
পিরলোর ঝুলিতে রয়েছে বিশ্বকাপ, দুটো চ্যাম্পিয়ন্স লিগ এবং ছ’টি সিরি ‘এ’ ট্রফি। নিজের টুইটার হ্যান্ডলে পিরলো লেখেন, ‘নিউইয়র্কেই শুধু আমার অ্যাডভেঞ্চার শেষ হল এমনটা নয় ফুটবল প্লেয়ার হিসেবেই আমার চলা শেষ হল।’
তিনি আরও লেখেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই আমার পরিবার, আমার সন্তানদের। যারা আমার পাশে থেকেছে সব সময়। সেই সব দল যাদের হয়ে আমার খেলার সৌভাগ্য হয়েছে। সব প্লেয়ারদের যারা আমার সঙ্গে খেলেছে। সবাই মিলেই আমার ফুটবল জীবনকে অসাধারণ করে তুলেছিল। সবার শেষে ধন্যবাদ জানাতে চাই সব সমর্থকদের যারা সব সময় আমাকে সমর্থন করে গিয়েছে। তোমরা সব সময় আমার হৃদয়ে থাকবে।’
আগেই পিরলো জানিয়ে দিয়েছিলেন এটাই তাঁর শেষ মৌসুম। কিন্তু শেষ ম্যাচে হেরেই থামতে হল। পিরলো বিখ্যাত ছিলেন তাঁর ফ্রিকিকের জন্য। সঙ্গে তাঁকে আর্কিটেক্ট বলা হত। কারণ তিনি ছিলেন প্লে-মেকার।
ইত্তেফাক/কেআই
