এসিআই মটরস-এর ১০ বছর পূর্তি উদযাপন

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৪:৩১
 
এসিআই মটরসের ১০ বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার রাতে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ট্র্যাক্টরস লিমিটেড এবং এসিআই মটরস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যের পাশাপাশি সোনালি ট্র্যাক্টর ব্যবহার করে জীবন পরিবর্তনকারী গ্রাহকদের সম্মাননা প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্র্যাক্টরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপক মিত্তাল, এসিআই গ্রুপ চেয়ারম্যান এম আনিস উদদৌলা, এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. ফাহ আনসারী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসসহ ইন্টারন্যাশনাল ট্র্যাক্টরস লিমিটেড এবং এসিআই গ্রুপ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, এসিআই মটরসের ডিলার,  গ্রাহক ও শুভানুধ্যায়ী।
 
কৃষকের কৃষি যান্ত্রিকীকরণের সম্পূর্ণ সমাধান দিতে ২০০৭ সালের নভেম্বর মাসে যাত্রা শুরু করে এসিআই মটরস। উদ্দেশ্য ছিল কৃষকের উত্পাদন খরচ কমানো এবং তাদের দুর্দশা লাঘব করা। ২০০৭ সালে সোনালিকা ট্র্যাক্টর দিয়ে যাত্রা শুরু করা এসিআই মটরস এখন দেশের শীর্ষ কৃষি যান্ত্রিকীকরণ প্রতিষ্ঠান। সোনালিকা দেশের এক নম্বর ট্র্যাক্টর ব্র্যান্ড হিসেবে এখন প্রতিবছর ২৪০০ ট্র্যাক্টর বিক্রয় করে, যা সরাসরি কৃষক এবং উদ্যোক্তাদের উত্পাদনশীলতা বৃদ্ধি করছে।

ইত্তেফাক/এএম।