জার্মানি ও ব্রাজিলের বিপক্ষে নেই হ্যারি কেন

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৫:০৯
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের বিপক্ষে হাই ভোল্টেজ প্রীতি ম্যাচে হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারছেন না ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। কেনের স্পারস সতীর্থ মিডফিল্ডার হ্যারি উইঙ্কসও গোঁড়ালির ইনজুরিতে পড়ে জাতীয় দল থেকে বাদ পড়েছেন। এর আগে ডেলে আলী নাম প্রত্যাহার করে নেয়ায় টটেনহ্যাম থেকে তিনজন খেলোয়াড় বাদ পড়লেন।
 
এবারের মৌসুমে কেন ও উইঙ্কস উভয়ই স্পাসদের হয়ে দারুণ ফর্মে আছেন। গত মাসে জাতীয় দলে জায়গা পাওয়া ২১ বছর বয়সী উইঙ্কস রবিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ী ম্যাচে গোঁড়ালির ইনজুরিতে পড়েন। টটেনহ্যাম বস মরিসিও পোচেত্তিনো বলেছেন, প্যালেসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠের বাইরে চলে যাওয়া উইঙ্কস গোঁড়ালিতে আঘাত পেয়েছেন। এই ম্যাচেই প্রথমার্ধে কেনের হাঁটুতে সামান্য আঘাত লাগে। এরপর ৭৭ মিনিটে তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়।
 
ইতোমধ্যেই আসন্ন দুটি ম্যাচের জন্য ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট মধ্যমাঠের জন্য ওয়েস্ট ব্রুমের জেক লিভারমোরকে দলে ডেকেছেন। যদিও এ পর্যন্ত ওয়েস্ট ব্রুম লীগের ১০টি ম্যাচের একটিতেও জিততে পারেনি।
 
ইত্তেফাক/কেআই