ব্যবহারিক গবেষণা ছাড়া শক্তি খাতের উন্নয়ন সম্ভব নয় : উপাচার্য

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৬:১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ব্যবহারিক গবেষণা ছাড়া নবায়নযোগ্য শক্তি খাতের উন্নয়ন সম্ভব নয়।
 
আজ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবি’র শক্তি ইনস্টিটিউটের উদ্যোগে ‘অ্যাপলাইড রিসার্চ অন এনার্জি এন্ড পাওয়ার’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।
 
দেশের নবায়নযোগ্য শক্তির উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই খাতকে টেকসই করতে বিভিন্ন শাখার গবেষকদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। 
 
এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের সহযোগিতায় এই কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী প্রধান অতিথি এবং বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারপার্সন শাহীন আহমেদ চৌধুরী, স্রেডার সদস্য সেলিমা জাহান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইসচেয়ারম্যান জসীম উদ্দীন, সামিট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মো. আজিজ খান ও বিএসআরইএ-এর সভাপতি দিপল চন্দ্র বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কোম্পানির শিক্ষাবিদ, গবেষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই