ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, আয়কর না দিলে দেশের উন্নয়ন সম্ভব নয়। জাতীয় রাজস্ব বোর্ডের জনকল্যাণমুখী নীতির কারণে মানুষের মধ্যে আয়কর দেয়ার ভীতি দূর হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভ্যাট, আয়কর ও কাস্টমস বিষয়ে ডিপ্লোমা/ স্নাতক/ মাস্টার্স কোর্স ও জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে এ সকল বিষয়ে ইন্টার্নশিপ চালুর লক্ষ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়কর ব্যবস্থাপনা বিষয়ে কোর্স চালু করা এখন সময়ের দাবি এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে নতুন-নতুন কোর্স চালু হচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়কর ব্যবস্থাপনা বিষয়ে কোর্স চালুর বিষয়টি ইতিবাচক এবং এটির প্রাতিষ্ঠানিকী করণে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা করা হবে। এসময় তিনি বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে করযোগ্য সকলকে নিয়মিতভাবে কর দেওয়ার আহ্বান জানান।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য, প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, দেশে রাজস্ব বান্ধব নীতির বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি সকলকে নিজ-নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান। বাসস
ইত্তেফাক/কেকে
