ডিমলায় দুই জুয়াড়ির কারাদণ্ড

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৩:০৯
 
নীলফামারীর ডিমলায় দুই ক্রিকেট জুয়াড়িকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজমুন নাহার এ রায় প্রদান করেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের হরেন চন্দ্র রায়ের ছেলে হৃদয় চন্দ্র রায় (৩০) ও ঠাকুরগাঁও জেলার হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ফারুক ইসলাম (২৭)।
 
পুলিশ সূত্রে জানায়, ক্রিকেট খেলা নিয়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বাস স্ট্যান্ডের হৃদয় কনফেকশনারিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৮ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন, টেলিভিশন, একাধিক জুয়াড়ির নাম ও টাকার পরিমাণের হিসাব সম্বলিত খাতা জব্দ করা হয়।রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হৃদয় চন্দ্র রায়কে ১৫ দিন এবং ফারুক ইসলামকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
 
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজমুন নাহার বলেন, ক্রিকেট জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, সাজাপ্রাপ্ত ক্রিকেট জুয়াড়িদের বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান