সঠিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দেশের পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হতে পারে। পাশাপাশি বর্জ্য অপসারণে নিয়োজিত কর্মী ও নগরবাসীদের স্বাস্থ্য ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আজ বুধবার সকালে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও গ্রামবাংলা উন্নয়ন কমিটি-র যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের পৌর বর্জ্য সম্পদ ব্যবস্থাপনার আইনি কাঠামো ও বর্জ্যজীবীদের জীবন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
পবা’র চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ।
ড. হাছান মাহমুদ সিটি করপোরেশনের কার্যক্রমের বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলরদের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার জন্য সর্বস্তরের নাগরিকের সদিচ্ছা থাকা প্রয়োজন।
ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তর সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে একটি খসড়া বিধিমালা প্রণয়নের কাজ করছে উল্লেখ করে সভায় বক্তারা বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান আইনি কাঠামো ও খসড়া বিধিমালা বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সুনির্দিষ্ট ও সুুচিন্তিত মতামত প্রয়োজনীয়তার ওপর গূরুত্বারোপ করেন। বাসস।
ইত্তেফাক/এমআই
