ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে দেশটির হাজ্জাহ প্রদেশের হিরান এলাকায় এ হামলা চালানো হয়।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাধ্যমগুলোর খবরে বলা হয়, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে হিরান এলাকায় কমপক্ষে ১৬টি বিমান হামলা চালানো হয়। হামলা চলে ভোর পাঁচটা পর্যন্ত। ওই এলাকায় হুতি বিদ্রোহীদের সমর্থক শেখ হামদি ও তার পরিবারকে হত্যা করতেই ওই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
হামলার বিষয়ে হুসাইন আল-বুখাইতি নামে একজন হুতি বিদ্রোহী জানান, মঙ্গলবার রাতে চালানো হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুসহ এবং একই পরিবারের ১০ সদস্য রয়েছেন।
আল-মাসিরাহ নামের হুতি-নিয়ন্ত্রিত একটি টেলিভিশন চ্যানেল তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হামলা-পরবর্তী কয়েকটি ছবি প্রকাশ করে। সেখানে বোমায় ধ্বংস হওয়া গাড়ি ও নিহত শিশুদের পড়ে থাকতে দেখা যায়।
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে চলমান গৃহযুদ্ধ ও সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়-ক্ষতির মুখে পড়েছে ইয়েমেন। এই লড়াইয়ের একদিকে রয়েছে ইরান সমর্থিত শিয়াপন্থি হুতি বিদ্রোহীরা। অপরদিকে রয়েছে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। এখন পর্যন্ত এই দুই পক্ষের লড়াইয়ে নিহত হয়েছে কমপক্ষে ১০ হাজার মানুষ। খবর আল জাজিরার।
ইত্তেফাক/ইউবি
