জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার দেশকে সকল ধর্মের মানুষের বসবাস উপযোগী করে গড়ে তুলতে সচেষ্ট। এ রাষ্ট্রে আমরা সকলে সুখে-শান্তিতে একত্রে অবস্থান করতে চাই। তিনি গতকাল বুধবার দুপুরে কাউখালীর শ্রীগুরু আশ্রমে সমবেত শত শত গুরুভ্রাতা, ভগ্নি ও ভক্তবৃন্দসহ উপস্থিত সকলের উদ্দেশে এ কথা বলেন। শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম গুরু শ্রীশ্রীমদ্ দুর্গা প্রসন্ন পরমহংস দেবের ১২৬তম বর্ষ শুভ আবির্ভাব উপলক্ষে ২৪ প্রহরব্যাপী অনুষ্ঠানের ৪র্থ দিনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, মানুষের সেবা করাই সৃষ্টিকর্তার সেবা। শ্রী গুরু সংঘ তার ভক্তদের মাঝে যে কথা প্রচার করে তা আমাদের সকল ধর্মের মাঝেই নিহিত রয়েছে। আমাদের রাষ্ট্রের মূলনীতিতেও এ বক্তব্য সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত। প্রধানমন্ত্রী দেশের সকল মসজিদ, মন্দির, বৌদ্ধমন্দির, গির্জায় সহায়তা প্রদান করছেন। যা আমরাও কাউখালী-ভাণ্ডারিয়ায় অনুসরণ করি। আমাদের বন্ধুপ্রতীম ভারতের কাছ থেকে প্রাপ্ত সাহায্য দিয়ে ভাণ্ডারিয়া কাউখালীর ১০টি মন্দিরের উন্নয়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এসব সুযোগ-সুবিধা অব্যাহত থাকবে। তাই প্রধানমন্ত্রীর জন্য আমাদের সকলের প্রার্থনা করা উচিত। যাতে তিনি নিরবচ্ছিন্ন ভাবে নির্বিঘ্নে সরকার পরিচালনা করতে পারেন এবং সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করেন।
শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম, কাউখালীর সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতীর সভাপতিত্বে এ মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ ও পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন এবং শ্রী গুরু সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী রণঞ্জয় কৃষ্ণ দত্ত।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, কাউখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, কেন্দ্রীয় জেপি নেতা ইউসুফ আলী আকন, ভাণ্ডারিয়া উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, কাউখালী উপজেলা জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, কাউখালী উপজেলা জেপি’র নেতা ও সয়না-রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, কাউখালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোঃ কাইয়ুম, ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সঞ্জিত সাহা, সাংগঠনিক সম্পাদক সুনীল চন্দ্র কুন্ড, পিরোজপুর জেলা পরিষদের সদস্য শাহজাদি রেবেকা শাহীন চৈতি, মো. জাহাঙ্গীর হোসেন, জেপি নেতা মো. শাহ আলম তালুকদার প্রমুখ।
ইত্তেফাক/নূহু
