শুধু মানবতাকে ধারণা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ইসলাম ধর্মে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের কোনো স্থান নেই। ইসলাম মানবতার ধর্ম। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সেই মানবতাকে আজ বিশ্বের কাছে তুলে ধরেছেন শেখ হাসিনা। মানবতার জননী হিসেবে বিশ্ব দরবারে ভূষিত হয়েছেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের ওকড়া রহমানিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, মাদ্রাসা শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষার কোনো সাংঘর্ষিকতা নেই। ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ করে আমাদের দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের হাত থেকে রক্ষা করতে হবে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি
