১৪ দলকে ঐক্যবদ্ধ থাকতে নাসিমের আহ্বান

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৯:১০
 
বর্তমান প্রেক্ষাপটে এখন ১৪ দলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ১৪ দলের ভেতরে কোনো দ্বন্দ্ব নেই। কোনো বিভ্রান্তমূলক কথা বলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার সময় এটা নয়। আবেগের বশবর্তী হয়ে যে (জাসদ নেতা ইনু) কেউ মন্তব্য করতে পারেন। সেটা তার ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে ১৪ দলের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ জনগণের ভোটেই বার বার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, কারো অনুকম্পায় নয়। 
 
আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার শুরুতেই সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আরো বলেছেন, কোন দলের বা ব্যক্তির দেয়া নির্বাচনী রুপরেখা নিয়ে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মত বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। 
 
তিনি বিএনপিসহ সকল গণতান্ত্রিক ও নিবন্ধিত দলকে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে নির্বাচনে অংশ নেবার আহ্বান জানিয়েছেন।
 
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায়, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, তানভীর ইমাম এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মনজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, অ্যাড. কে এম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ, বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধিরা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
পরে বিকেলে মন্ত্রী শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং নির্মাণ কাজের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নির্মাণ কাজ শেষ করার তাগিদ দেন। এ সময় মেডিকেল কলেজ প্রকল্পের পিডি ডা. মো. বাকির হোসেন,ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে