কামরাংগীর চর খালের অবৈধ দখলদার উচ্ছেদ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৯:২৮
ঢাকার কামরাংগীচর থানাধীন কোম্পানীঘাট এলাকায় অবস্থিত কামরাংগীর চর খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার সারাদিন ব্যাপি অভিযানে সেখানে প্রায় ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী ও তৌহিদ এলাহী। 
 
উচ্ছেদ অভিযানে সহায়তা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উচ্ছেদকালে উপস্থিত ছিলেন লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অমিত দেবনাথ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর সম্পত্তি কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
 
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, ঢাকা শহরকে বাসযোগ্য ও জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে ঢাকার সকল খাল হতে অবৈধ দখলদার উচ্ছেদ করবে ঢাকা জেলা প্রশাসন। প্রতি সপ্তাহে একাধিক উচ্ছেদ পরিচালনার নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক। ইতোমধ্যে রাজধানীর বাইশটেকি, নন্দীপাড়া ত্রিমোহনী, সাংবাদিক, কালুনগর ইত্যাদি খাল উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। প্রতিসপ্তাহে এক বা একাধিক উচ্ছেদ অভিযানের মাধ্যমে প্রায় পঞ্ছাশাধিক খাল দখল্মুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আজ মোট ২০টি পাকা ও আধাপাকা স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।
 
উচ্ছেদকৃত খালগুলো ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশন প্রকল্পের মাধ্যমে সৌন্দর্যবর্ধন ও পানিপ্রবাহ নিশ্চিত করবে।
 
অভিযানে উপস্থিত ছিলেন কামরাংগীচর থানার সাব ইন্সপেক্টর ইমাম আরেফিন , ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২০ সদস্যের একটি দল, ঢাকা জেলা প্রশাসন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫০ জন কর্মকর্তা কর্মচারী। স্থানীয় জনগণ অভিযান পরিচালনা উতসাহিত করেন।
 
ইত্তেফাক/রেজা