ইংল্যান্ডের দুশ্চিন্তা বাড়লো ইনজুরির তালিকায় বল

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২১:১৭
ইনজুরি যেন পিছু ছাড়ছে না ইংল্যান্ড ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের আগে তাদের ইনজুরির তালিকা দিন দিন বড়ই হচ্ছে। এবার ইনজুরির তালিকায় নাম তুললেন ডান-হাতি মিডিয়াম পেসার জ্যাক বল। তবে তার ব্যাপারে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। বলকে ভালোভাবে পর্যবেক্ষণ করেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিবে ইংলিশরা। 
 
অ্যাডিলেডে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন বোলিং করার সময় ইনজুরিতে পড়েন বল। নিজের চতুর্থ ওভারের পঞ্চম বলটি ডেলিভারির করার জন্য দৌঁড় দিলেও, নন-স্ট্রাইক প্রান্তে এনে পা পিছলে পড়ে যান বল। ফলে গোঁড়ালিতে ব্যাথা পান তিনি। পরবর্তীতে আর মাঠে ফিরতে পারেননি বল। 
 
এরপর তার স্ক্যান ও এক্স-রে করা হয়েছে। তবে এখন কোন রিপোর্ট পায়নি ইংল্যান্ড শিবির। এমনটাই জানিয়েছে দ্যা গার্ডিয়ান। তারা আরও জানায়, ‘রিপোর্ট পাবার পর যদি বলের ইনজুরি মারাত্মক হয় তবে তাকে স্কোয়াড থেকে বাদ দেয়া হবে। সেক্ষেত্রে লিয়াম প্লাংকেট বা টম হেল্মকে দলে ডাকা হতে পারে।’
 
হাঁটুর ইনজুরির কারণে দু’দিন আগেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার স্টিভেন ফিন। তার জায়গায় দলে ডাকা হয়েছে টম কারানকে। এছাড়া ইনজুরির সাথে যুদ্ধ করছেন টব রোল্যান্ড-জোন্স ও মার্ক উড। আগামী ২৩ নভেম্বর থেকে ব্রিজবেনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। 
 
ইত্তেফাক/রেজা