অ্যাশেজে রুটের সহকারি অ্যান্ডারসন

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৪:১৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের সহ-অধিনায়ক হিসেবে কাজ করবেন দলের অন্যতম সেরা পেসার জেমস অ্যান্ডারসন। বেন স্টোকস দলে না থাকায় অ্যান্ডারসনকে সহ-অধিনায়কের দায়িত্ব দিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আসন্ন অ্যাশেজে অধিনায়ক জো রুটের সহকারি হিসেবে কাজ করবেন অ্যান্ডারসন।
 
গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে শেষে ব্রিস্টলের রাস্তায় মারামারির ঘটনায় ইংল্যান্ড দল থেকে বরখাস্ত হন স্টোকস। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের জন্য বিবেচনা করা হয়নি ইংলিশদের সহ-অধিনায়ক স্টোকসকে। অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ড দলে সহ-অধিনায়কের পদটি খালিই ছিল। সেই খালি পদের দায়িত্ব পেলেন অ্যান্ডারসন। অ্যাশেজে অ্যান্ডারসনকে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছে ইসিবি।
 
সম্প্রতি ইংল্যান্ডের সহ-অধিনায়ক হবার ইচ্ছা পোষণ করেছিলেন অ্যান্ডারসন। অবেশেষে তার সেই ইচ্ছা পূরণ হলো। এ ব্যাপারে তিনি বলেন, ‘ইংল্যান্ডের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে আমি খুশি। এটি অনেক বড় দায়িত্ব। দলের জন্য আরও বেশি দেয়ার চেষ্টা করবো। নিজের অভিজ্ঞতাকে আরও ভালোভাবে কাজে লাগাবো।’
 
ইংল্যান্ডের হয়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসন। ১২৯ টেস্টে ৫০৬টি ও ১৯৪ ওয়ানডেতে ২৬৯টি উইকেট শিকার করেন তিনি। অ্যাশেজে শুধুমাত্র বোলিং বিভাগকেই নেতৃত্ব দিবেন না অ্যান্ডারসন, সহ-অধিনায়কের দায়িত্বও পালন করতে হবে তাকে। তবে বোলিং বিভাগে এবার তার জন্য বড় পরীক্ষাই অপেক্ষা করছে। কারণ ইনজুরির কারণে ইতোমধ্যে দল থেকে ছিটকে গেছেন চার পেসার স্টিভেন ফিন, মার্ক উড, টবি রোল্যান্ড-জোন্স ও জ্যাক বল।
 
ব্রিসবেনে আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট।
 
ইত্তেফাক/কেআই