শিল্পকলা একাডেমিতে হুমায়ূন আহমেদের ‘জন্ম উৎসব’

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৬:২১
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নান্দনিক নাট্য সম্প্রদায়ের উদ্যোগে জন্ম উৎসব আয়োজন করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর সোমবার লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে  জন্ম উৎসব’র উদ্বোধন করবেন প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (এমপি)।
 
অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকি, লেখক আহসান হাবিব ও মেহের আফরোজ শাওন। সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে লেখক রচিত প্রথম মঞ্চনাটক। হুমায়ূন আহমেদ নাটকটিতে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে প্রতিবাদ, শাসকদের একনায়কতন্ত্র ও খেয়ালিপনার বিরুদ্ধে তাঁর নিজস্ব সাহিত্যরসে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন।
 
নাটকটির নির্দেশনা দিয়েছেন বদরুদ্দোজা। তিনি বলেন ‘স্যার নান্দনিকের মহড়া কক্ষে বসে নাটকটি রচনা করেন এবং সংলাপ রচনা করেন রাজনৈতিক স্থানচ্যুতির বিরুদ্ধে। নাটকটির প্রযোজনা ব্যবস্থাপক সোহেল রানা  জানান, ‘প্রিয় লেখককে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নেয়া হয়েছে। এটি নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা। নাম–ভূমিকায় অভিনয় করছেন আ মা মা হাসানুজ্জামান এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলুফার ওয়াহিদ, সোহেল রানা, শাহ আলম, অভীক মজুমদার, রনি, মারুফ, মাহিন, শোভা, রাসেল, হাবিবুল্লাহ, রাবিয়া প্রমুখ।
 
ইত্তেফাক/সাব্বির