রাহিঙ্গাদের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করছে : চুমকি

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৮:৪৬
 
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বাধ্য করা হবে। সরকারের কূটনৈতিক সফলতায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও এ ব্যাপারে কাজ করছে। 
 
শুক্রবার সকালে সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ ‘ফিমেল একাডেমি’ প্রাঙ্গণে কারিগরি প্রশিক্ষণার্থীদের জন্য একাডেমিক ও আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
 
শেখ হাসিনা শুধু দেশের মানুষের জন্য নয়, বিশ্বের নির্যাতিত মানুষের জন্যও কাজ করছেন- এ কথা উল্লেখ করে চুমকি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী মানবতার এক অনন্য নজির স্থাপন করেছেন।
 
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ানস্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ ফি-মেল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী।
 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ নওয়াজ দিলরুবা খান, কর্মসুচি পরিচালক জিলাল উদ্দিন, দিরাই উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন ইকবাল অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাসস 
 
 
ইত্তেফাক/ইউবি