আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, এতিমখানা দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্দোষ প্রমাণ হলেই আওয়ামী লীগ খুশি হবে। সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতিতে জড়িত বলে প্রমাণ হলে বাংলাদেশেরই ভাবমূর্তি নষ্ট হবে।
শুক্রবার রাজধানীতে ইউনাইটেড ইসলামী পার্টির এক আলোচনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘আপনি যদি নিজেকে নির্দোষ ভাবেন তাহলে দ্রুত হেয়ারিং করে শেষ করে দেন। তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেন যে আপনি অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন। এতে যেমন আপনার দলের নেতা কর্মীরা খুশি হবে, আমরাও খুশি হব। অন্তত দেশের ভাবমূর্তি ভালো থাকবে।’
তিনি বলেন, কোন প্রধানমন্ত্রীকে দুর্নীতির দায়ে আদালত দোষী সাব্যস্ত করুক এটা দেশের জন্য মোটেও গৌরবের বিষয় নয়। এটা কখনো দেশের জন্য সস্মান বয়ে আনে না।’
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসমাঈল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি-জামায়াত রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র করছে। তারা রোহিঙ্গাদের ব্যবহার করতে চায়। কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা কখনো জঙ্গিবাদ করে না। বিএনপি ও জামায়াত-শিবির সব সময় ষড়যন্ত্র করে আসছে।
ইত্তেফাক/ইউবি
