পেরুর বিপক্ষে অঘটন ঘটাতে চায় নিউজিল্যান্ড

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৯:২৫
নিউজিল্যান্ডের কোচ এন্থনি হাডসন মনে করেন কেউ বিশ্বাস না করলেও পেরুর বিপক্ষে অঘটনের জন্ম দিয়ে জয়ের মাধ্যমে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলবে তার দল। শনিবার ওয়েলিংটনে প্রথম লেগের ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে দল দুটি। 
 
বিশ্ব র‌্যাংকিংয়ে পেরু ১০ অবস্থানে থাকলেও হাডসনের কিউই দলের অবস্থান ১২২তম। দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে রাগবি। যারা বিশ্বব্যাপী অল ব্ল্যাকস নামে সুপরিচিত। হাডসন বলেন, তার দল কাগজে কলমে পিছিয়ে থাকলেও পেরু দীর্ঘ ৩৬ বছর যাবৎ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত আসরের বাইরে রয়েছে। যে কারণে তারা এবারের আসরে অংশগ্রহণের জন্য মরিয়া। কিউই কোচ সাংবাদিকদের বলেন, ‘গত বছর কতগুলো বড় দলের বিপক্ষে তাদের স্মরণীয় কিছু জয় রয়েছে। যে কারণে তারাই বেশি চাপের মধ্যে থাকবে। গোটা ফুটবল বিশ্ব আশা করছে পেরু জয়লাভ করবে। আমরা তা জানি। আমার সামনে যে সব মিডিয়ার লোকজন আছেন তাদেরও একই প্রত্যাশা।’
 
তবে ইংলিশ এই কোচ বলেন, পেরুর সঙ্গে পাল্লা দিয়ে লাড়ই করার মত সামর্থ্য নিউজিল্যান্ডের আছে। যা আমরা মাঠের লড়াইয়ে দেখাতে সক্ষম হব। আমরা আমাদের কাজের বিষয়ে কোনভাবেই ভয় পাচ্ছিনা। আমাদের মধ্যে যেমন আত্মবিশ্বাস রয়েছে তেমনি একটি গোছানো গেম পরিকল্পনা রয়েছে। যা বাস্তবায়নের জন্য মুখিয়ে আছে ছেলেরা। আমাদের একটাই লক্ষ্য, সেটি হচ্ছে রাশিয়া যাবার যোগ্যতা অর্জন করা।’
 
এদিকে পেরুর কোচ রিকার্ডো গারেচার মতে তার দলকে ফেভারিট হিসেবে বিবেচনা করা হলেও তিনি আপাতত এর বোঝা নিতে চাননা। তিনি বলেন, ‘বাস্তবতা হচ্ছে দুই দলই শূন্য থেকে শুরু করবে। দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ওয়েলিংটন বিমান বন্দরে শতশত সমর্থকদের কাছ থেকে পেরুর খেলোয়াড়রা যেভাবে অভিবাদন পেয়েছে তা এক কথায় ‘অকল্পনীয়’। তার দৃঢ় বিশ্বাস মাদক পরীক্ষায় ‘অস্বাভাবিক ’ ফলাফলের কারণে অধিনায়ক ও প্লে মেকার পাওলো গুয়েরেরোর অনুপস্থিতি সত্ত্বেও তার দল প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে পারবে। সব সময় দলের মধ্যে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গুয়েরোরোর অনুপস্থিতির বিষয়টি নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাচ্ছিনা।
 
এখন তার দলের খেলোয়াড়দের প্রধান কাজ হচ্ছে ১৪ ঘন্টার দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থেকে মুক্ত হওয়া। সেই সঙ্গে পঞ্চমবারের মত পেরুকে বিশ্ব আসরে পৌঁছে দেয়ার জন্য প্রস্তত হওয়া। নিউজিল্যান্ডেরও অবশ্য দুইবার বিশ্বকাপের চূড়ান্ত আসের অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে। তারপরও নিজের স্কোয়াডটিকে যথেষ্ট সামর্থ্যবান বলে উল্লেখ করেছেন পেরুর কোচ। ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামের শনিবারের ম্যাচের জন্য ৩৮ হাজার ৫০০ টিকিটের সবকটিই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। আগামী ১৫ নভেম্বর পেরুর রাজধানী লিমার এস্তাদিও নেশিওনালে অনুষ্ঠিত হবে ফিরতি লেগের ম্যাচ। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির