ভারতের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ নিতে চান শ্রীলংকার অধিনায়ক দিনেশ চান্ডিমাল। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতের মাটিতে পা দিয়েই এমন কথা বললেন চান্ডিমাল। তিনি বলেন, ‘ক্রিকেট ইতিহাসে ভারতের মাটিতে আমরা কখনোই টেস্ট জিততে পারিনি। এবার সেই বন্ধ্যত্ব ঘোচাতে চাই। ভারতের মাটিতে প্রথমবারের মত টেস্ট জিততে চাই।’
১৯৮২ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে নামে শ্রীলংকা। এরপর সাতটি সিরিজ ভারতের মাটিতে খেলে ফেলেছে লংকানরা। এই সাতটি সিরিজে মোট ১৭টি ম্যাচ ছিল। কিন্তু কোন ম্যাচেই জিততে পারেনি তারা। ১০টি হারের সাথে ৭টি ম্যাচে ড্র করে শ্রীলংকা।
তাই ভারতের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জয়ের জন্য মুখিয়ে আছে শ্রীলংকা। সেই লক্ষ্য নিয়েই ভারতের মাটিতে পা রাখল লংকানরা। কলকাতার বিমানবন্দরে পা রেখে শ্রীলংকার অধিনায়ক চান্ডিমাল বলেন, ‘আমরা ভারতের মাটিতে কখনোই জিততে পারিনি। তাই এখানে জিততে পারাটা আমাদের স্বপ্ন। আমার এখানে প্রথম জয়ের স্বাদ নিতেই এসেছি। গেলো ৩৫ বছর যা হয়নি, তা এবার করতে চাই। সিরিজে ভালো খেলার জন্য আমরা মুখিয়ে আছি।’
বর্তমানে টেস্ট র্যাংকিং-এর শীর্ষে ভারত। ২০১৫ সালের আগস্ট থেকে দেশ-বিদেশ মিলিয়ে টানা আটটি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। তাই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতে সেটি ৯-এ উন্নতি করার মিশন বিরাট কোহলির দলের। তবে ভারতের এমন বড় অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে চান চান্ডিমাল, ‘আসলে এখানে টেস্ট দলের সদস্য হিসেবে ভারতে এটা আমার প্রথম সফর। দলে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও রঙ্গনা হেরাথের মতো অভিজ্ঞ খেলোয়াড় দলে আছেন। এই সফর আমার ও দলের জন্য বড় চ্যালেঞ্জের। আমরা অনুশীলনে অনেক পরিশ্রম করেছি। বিশেষভাবে এখানে আসার আগে, দেশের মাটিতে আমরা অনেক অনুশীলন করেছি। এ ছাড়া দলে অনেক নতুন ও তরুণ খেলোয়াড় রয়েছে। অভিজ্ঞ ও তরুণদের মিশ্রনে আমাদের দলটি এখন বেশ ব্যালেন্সড। ভারতের বিপক্ষে ভালো পারফরমেন্স করার দারুণ সুযোগ রয়েছে তাদের সামনে। আমি নিশ্চিত, সবাই সবার সেরাটা দিতে পারলে ভারতকে হারানো কঠিন কিছু নয়।’
সর্বশেষ টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে শ্রীলংকার। ওই অভিজ্ঞতাকে কাজে লাগানোর ইঙ্গিত দিলেন চান্ডিমাল, ‘আমরা সবাই জানি, ভারত এখন বিশ্বের সেরা দল। আমরাও বর্তমানে ভালো ফর্মে আছি। পাকিস্তানের বিপক্ষে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি এবং দাপটের সাথে সিরিজ জিতেছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে দলের সবাই মুখিয়ে আছে।’
ভারতের বোলিং-এর প্রধান অস্ত্র দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তাদের বিপক্ষে আলাদা পরিকল্পনা রয়েছে বলে জানালেন চান্ডিমাল, ‘বর্তমানে অশ্বিন ও জাদেজা র্যাংকিং-এ যথাক্রমে এক ও দুই নম্বরে রয়েছেন। গেল কয়েক বছর ধরে তারা দুর্দান্ত বোলিং করছে। তাদের নিয়ে আমাদের পরিকল্পনা নিয়ে নামতে হবে। তাদের সেরা ডেলিভারিগুলো নিয়ে আমরা কাজ করেছি। আশা করি, আমরা সফল হবো।’
আগামী ১৬ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।বাসস।
ইত্তেফাক/রেজা
