বিএনপি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না :মওদুদ

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ০৪:২২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বিএনপির অংশগ্রহণ ছাড়া আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, সরকার যে পথে যাচ্ছে সেটা সফল হবে না, এবার বাংলাদেশে একদলীয় নির্বাচন হবে না।
 
শুক্রবার দুপুরে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দুপুরে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িতে আমান মওদুদ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
মওদুদ বলেন, অনির্বাচিত বিধায় এই সরকার আবারো ক্ষমতায় থাকতে চাইছে, অথচ দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রধানমন্ত্রীর আন্দোলনের ফসল, এখন তিনিই সেটা মানছেন না। সরকার চাইছে ৫ জানুয়ারি মতো আরো একটি নির্বাচন করতে। দেশে বিরোধী দল বলে কেউ থাকুন সেটা সরকার চাইছে না।
 
অনুষ্ঠানে আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আবু জাফরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আমান মওদুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসনা মওদুদ, কবির ছোট ছেলে খুরশিদ আনোয়ার, স্থানীয় পৌর কমিশনার আসিফ আরিফিন সাগর প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত  ৯০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
 
ইত্তেফাক/রেজা