মেয়র আনিসুল হকের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ০৮:৩৯

লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। প্রথমে যে হাসপাতালে তিনি ছিলেন, ইতোমধ্যে সেখান থেকে তাকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে বর্তমানে তার রিহ্যাবিলিটেশন চলছে। হাত-পা ও পেশীর ব্যায়াম করানো হচ্ছে, নিয়মিত ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকদের পরামর্শে দর্শনার্থীর বিষয়ে বেশ কড়াকড়ি আরোপ করা হচ্ছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

 

আনিসুল হকের মালিকানাধীন নাগরিক টেলিভিশনের কর্মকর্তা ডা. আবদুন নূর তুষার গতকাল শুক্রবার ইত্তেফাককে জানান, টানা তিন মাস ধরে তিনি (আনিসুল হক) প্রায় ঘুমে ছিলেন। দিনে গড়ে ৩/৪ ঘণ্টা হয়তো জেগে থাকেন, বাকি সময় তিনি ঘুমিয়েই থাকেন। এত দীর্ঘসময় ধরে ঘুমিয়ে থাকার কারণে রিহ্যাবিলিটেশনের জন্য তাকে অন্য বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন এটাই চিকিৎসার প্রক্রিয়া।

 

ডা. তুষার আরও জানান, মেয়রকে এতদিন হাইডোজের ওষুধ দেওয়া হয়েছে ঘুমিয়ে রাখার জন্য। এখনও উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধ দেওয়া হচ্ছে। দর্শনার্থী যাওয়া-আসা করলে ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে। তাই দর্শনার্থীর বিষয়ে কিছুটা কড়াকড়ি রয়েছে। সবমিলিয়ে আরও কয়েক মাস পর জানা যাবে-তার শারীরিক পরিস্থিতি আসলে কেমন, যেসব ওষুধ দেয়া হয়েছে সেগুলোর উপকারিতা-অপকারিতাও বোঝা যাবে। তবে প্রথমদিকে যেই অবস্থা ছিল, সেটির তুলনায় মেয়র বর্তমানে কিছুটা ভালো আছেন।

 

প্রসঙ্গত, আনিসুল হক গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে মেয়রের পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি মস্তিষ্কের রক্তনালীর প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছেন।

 

ইত্তেফাক/এমআর