'ডিজিটাল আর্থিক উদ্যোগের সাফল্য নির্ভর করে সুপরিকল্পনার ওপর'

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১২:৫১
 
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেছেন, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগগুলোর সাফল্য বহুলাংশে নির্ভর করে আর্থিক খাত নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর সুচিন্তিত ও সুপরিকল্পিত ভূমিকার ওপর। এক্ষেত্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অভিজ্ঞতাগুলো সারা বিশ্বের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।
 
গতকাল শুক্রবার ভারতের জয়পুরে 'প্রতিযোগিতা, নিয়ন্ত্রণ এবং উন্নয়ন বিষয়ক ৫ম দ্বিবার্ষিক সম্মেলনে'র একটি অধিবেশনে সভাপতির বক্তব্য রাখার সময় ড. আতিউর রহমান এ কথা বলেন। তিনদিন ব্যাপী ওই সম্মেলনের সহ-আয়োজক কাটস ইন্টারন্যাশনাল এবং ওইসিডি। অধিবেশনে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন- মাস্টারকার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাভিন্দার এস. অরোরা, কেনিয়ান কম্পিটিশন অথরিটির প্রতিনিধি ডেভিড অঙ্গোলো এবং ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. কে. এনামুল হক।
 
আতিউর রহমান অভিমত ব্যক্ত করে বলেন, 'বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ ব্যাপকভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার মাধ্যমে সর্বশেষ আর্থিক মন্দা থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হয়েছে। আর এক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বিশেষ সহায়ক হয়েছে।' তিনি আরও বলেন, 'আর্থিক সেবাদানকারীদের গ্রামারের প্রান্তিক মানুষদের কাছে সেবা পৌঁছে দেয়ার জন্য বিশেষ উদ্যোগী হতে হবে। আর এ জন্য যারা এক্ষেত্রে ইতোমধ্যেই কিছু সাফল্য অর্জন করেছেন তাদের অভিজ্ঞতা থেকে শিখতে হবে, লক্ষ্য অর্জনের পথে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে হবে।
 
ইত্তেফাক/জামান