আসন্ন এ্যাশেজ সিরিজে স্বাগতিক ওপেনার ডেভিড ওয়ার্নারকে দলের জন্য হুমকি মনে করছেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। আগ্রাসী মনোভাবের প্রতি সম্মান জানিয়ে ওয়ার্নারকে অ্যাশেজ সিরিজে ‘ডেঞ্জার ম্যান’ হিসেবে চিহ্নিত করেন ব্রড।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজকে গত মাসে ‘যুদ্ধের’ সঙ্গে তুলনা করে তারকা ওপেনার ওয়ার্নার বলেন, ব্রিজবেনে ২৩ নভেম্বর শুরু হওয়া সিরিজে তার কিছু পরিকল্পনা আছে। ব্রড বলেন, মাঠে নিজের আগ্রাসী চরিত্রের জন্য পরিচিতি পাওয়া ওয়ার্নার সত্যিই বিপজ্জনক।
সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকাকে ব্রড বলেন, ‘আমি মনে করি ওয়ার্নারের মত কোন ব্যাটসম্যানের বিপক্ষে আপনি নতুন বলে অনেক বেশি বোলিং করতে চাইবেন। কেননা তাকে আউট করার জন্য এটাই আপনার সেরা সুযোগ। তবে আপনার বিকল্প পরিকল্পনাও থাকতে হবে এবং অন্য কোন ব্যাটসম্যানের তুলনায় ওয়ার্নারের মত কারো বিপক্ষে অতি দ্রুত ভিন্ন পরিকল্পনায় যেতে হবে।’
ইত্তেফাক/কেআই
