জুন পর্যন্ত নিষিদ্ধ ইভ্রা

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৪:২২
নিজ দলের সমর্থককে ‘কারাতে কিক’ দিয়ে অঘটনের জন্ম দেয়া মার্সেই ডিফেন্ডার প্যাট্রিক ইভ্রাকে ইউরোপিয়ান সব ধরনের টুর্নামেন্ট থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। উয়েফার জারিকৃত এই শাস্তির পাশাপাশি ইভরাকে ১০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। ফ্রেঞ্চ ক্লাব মার্সেইর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডারের সাথে ক্লাবের চুক্তিও আনুষ্ঠানিক ভাবে বাতিল করা হয়েছে।
 
গত সপ্তাহে ইউরোপা লিগে পর্তুগিজ ক্লাব ভিটোরিয়া গুইমারেসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় মার্সেইর এক সমর্থকের সাথে অসদাচরণ করেন ইভ্রা। ঘটনাটিরপ পরপরই মার্সেই থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছিল।
 
এই সিদ্ধান্তে মার্সেই সভাপতি জ্যাকুস-অঁরি এরাদ হতাশা প্রকাশ করে বলেন, ১৯৯৩ ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ক্লাবটির জন্য এটি একটি কালো দিন। বিশেষ করে ইভ্রার জন্য বিষয়টি অত্যন্ত হতাশার, সে ঘটনার পরপরই এর পরিণাম বুঝতে পেরেছিল। দ্বিতীয়ত সমর্থকদের জন্য বিষয়টি হতাশার। একজন খেলোয়াড়ের কাছ থেকে এই ধরনের আচরণ কোনভাবেই কাম্য নয়। সব মিলিয়ে এর সাথে ক্লাবের ভাবমূর্তিও জড়িত।
 
ইত্তেফাক/কেআই