মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ’তথ্য আপা’ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। আগামী জানুয়ারিতে ওই প্রকল্প শুরু হবে। এ প্রকল্পের আওতায় কর্মীরা জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে নারীদের কৃষি, শিক্ষাসহ বিভিন্ন তথ্যের বিষয়ে প্রশিক্ষণ ও শিক্ষা দেবেন।
শনিবার দুপুরে বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির ১০ম দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, বাংলাদেশে কৃষিতে যে পরিমাণ গবেষণা হওয়া উচিৎ, কিন্ত তা এখনো হয়নি। দেশে ৩০-৫২ শতাংশ শস্য কীট-পতঙ্গের আক্রমনে নষ্ট হয়। বিভিন্ন পোকা-মাকড় দমনের জন্য আমাদের কৃষকরা নির্বিচারে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করছেন, যা জীব বৈচিত্র্য ধ্বংসসহ জনস্বাস্থ্য ও পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।
গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির সভাপতি ড. মাহবুবর রহমান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শোয়েব হাসান, কীটতত্ত্ব সমিতির উপদেষ্টা অধ্যাপক মোনাওয়ার আহমাদ, জেষ্ঠ সহ-সভাপতি ড. সৈয়দ নুরুল আলম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
