‘মানবিক কারণে রোহিঙ্গাদের সহযোগিতা দিচ্ছেন প্রধানমন্ত্রী’

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৭:১৯
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণেই সাম্প্রতিক সময়ে দেশে বড় বন্যা, ঘুর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের পর একটি মানুষও না খেয়ে মরেনি। 
 
আজ শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘পুলিশি জনতা-জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে এ কথা বলেন তিনি।
 
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে পুলিশের আইজিপি একেএম শহিদুল হক, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন) চৌধুরি আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নইম দুলাল পাটওয়ারি, প্রেসক্লাব সভাপতি শরিফ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
 
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকজন নেত্রী (খালেদা জিয়া) ত্রাণের নামে তামাসার মহড়া করলেন। রাস্তায় যানজট সৃষ্টি করলেন। কি দরকার ছিল এই নাটকের।
 
তিনি বলেন, পুলিশি জনতা, জনতাই পুলিশ, টাকার এপিট ওপিট। কমিউনিটি পুলিশ জানে গ্রামের কোনো লোকটা খারাপ, তা থানা পুলিশকে জানালে তারা দ্রুত ব্যাবস্থা নিতে পারে। কমিউনিটি পুলিশ সদস্যরা সঠিক ভাবে কাজ করতে পারলে সমাজে মাদক ও জঙ্গিবাদ কমে যাবে। 
 
একেএম শহিদুল হক বলেন, যেই জনগণের জন্য পুলিশ কাজ করে সেই জনগণের সঙ্গে দূরত্ব রাখা যাবে না, তাদের সঙ্গে আস্থার সম্পর্ক থাকতে হবে। সমাজের সকল কমিউনিটির সঙ্গে পুলিশের সম্পর্ক থাকতে হবে। 
 
কমিউনিটির জনগণকে নিয়ে আমাদের কাজ করতে হবে তবেই অপরাধ দমনে সফলতা আসবে। তিনি বলেন, সমাজের ভালো মানুষদের নিয়ে কমিউনিটি পুলিশিং কমিটি গড়ে তুলতে হবে। কোনোভাবেই খারাপ ও দালাল শ্রেণির লোক কমিটিতে নেয়া যাবে না। বাসস
 
ইত্তেফাক/কেকে