আবাসন খাতে রাজস্ব জটিলতা থাকবে না : নজিবুর রহমান

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৭:৪১
আবাসন শিল্প খাতে রাজস্ব সংক্রান্ত জটিলতা আর থাকবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, ‘আবাসন খাতের সমস্যার সমাধানে এনবিআর রিহ্যাবের সঙ্গে যৌথভাবে কাজ করবে। ইতোমধ্যে এনবিআর এ খাতের ৮টি সমস্যা চিহ্নিত করেছে। এসব সমস্যার সুষ্ঠু সমাধান করা হবে। ফলে ভবিষ্যতে এই খাতে রাজস্ব সংক্রান্ত কোন জটিলতা আর থাকবে না।’ 
 
শনিবার রাজধানীর মতিঝিলে পূর্বানী হোটেলে ‘রিহ্যাব-এনবিআর’ যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামীনের সভাপতিত্বে অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন, এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন ও পারভেজ ইকবাল, রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন। 
 
নজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা হলো দেশে যেসব সম্ভাবনাময় শিল্প রয়েছে সেগুলোর দিকে নজর দেওয়া। সেই মোতাবেক এনবিআর আবাসন খাতের প্রতি বিশেষ নজর দিচ্ছে। প্রয়োজনীয় নীতিগত সহায়তা অগ্রাধিকারভিত্তিতে দেওয়া হবে; যাতে এ শিল্পের অমিত সম্ভাবনা কাজে লাগানো যায়। 
 
এনবিআর বৃত্তের বাইরে গিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা নিজেদেরকে বৃত্তের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। জনগণের কাছে আমাদের সেবা পৌঁছে দিচ্ছি। এর অংশ হিসেবে গত পয়লা বৈশাখ রাজস্ব হালখাতা করা হয়েছে। আয়কর মেলায় নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় প্রথমবারের মত কর বাহাদুর পরিবার সম্মাননা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/এমআই