ক্যারিয়ারের প্রথম অডিশনে যৌন হেনস্থার শিকার হয়েছিল বিদ্যা

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৮:৪৬
একে একে মুখ খুলছেন বলিউডের অভিনেত্রীরা। প্রসঙ্গ ‘শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব’। কিছুদিন আগে হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের যৌন হেনস্তার খবর ফাঁস হতেই বিস্ফোরক হচ্ছেন অভিনেত্রীরা। এবার বিদ্যা বালান বললেন, যৌন হেনস্তার শিকার প্রত্যেককে মুখ খুলতে হবে। হেনস্তাকারীর নাম আনতে হবে প্রকাশ্যে। না হলে অপরাধীরা ছাড় পেয়ে যাবে। 
 
বিদ্যা অভিনীত সুরেশ ত্রিবেণীর ‘তুমহারি সুলু’ আগামী ১৭ নভেম্বর পর্দায় মুক্তি পাচ্ছে। এরই প্রচারণায় ব্যস্ত আছেন বিদ্যা। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে এবং তিনিও ক্যারিয়ারের শুরুতে এমন অনেক যৌন প্রস্তাব পেয়েছিলেন। 
 
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, প্রথম যখন তিনি সিনেমার জন্য অডিশন দিতে যান, তখন নাকি সেখানকারই একজন তার দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। বিদ্যার শরীরের উর্ধাঙ্গের দিকেই চোখ ছিল ওই ব্যক্তির, যা নজর এড়িয়ে যায়নি এ নায়িকার। ঐ ব্যক্তির কীর্তি দেখে তিনি রেগে গিয়েছিলেন। সেখানেই ঐ ব্যক্তিকে এমন আচরণের জন্য প্রশ্ন করেন। লোকটি লজ্জা পেয়ে সেই স্থান ত্যাগ করেন বলে জানালেন বিদ্যা।
 
তবে বিদ্যা এও জানান, ইন্ডাস্ট্রির মানুষদের কাছ থেকে সবসময় ভালো আচরণই পেয়েছেন তিনি। এর কারণ হিসেবে তিনি জানান যে, তিনি তার ভাবনা-চিন্তায় ও কাজে সবসময় স্থির থেকেছেন। তিনি নিজেকে খুব ভাগ্যবতী মনে করেন, কারণ ‘পরিণীতি’র মতো ছবির হাত ধরে তিনি ছবির জগতে পা রেখেছেন। 
 
ইত্তেফাক/রেজা