জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে গণহত্যা হিসাবে আখ্যায়িত করা প্রয়োজন। তাদের ওপর চলমান নির্যাতনে গণহত্যার সব উপাদান রয়েছে।
আজ শনিবার জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি (যুদ্ধ বা বিবাদপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা বিষয়ক) প্রমীলা প্যাটেন জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে সাক্ষাতকালে চেয়ারম্যান এ কথা বলেন তিনি।
রোহিঙ্গা নারীদের প্রতি মিয়ানমারে চলমান নির্যাতন ও বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নারীদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর যৌন নির্যাতন সম্পর্কে আলোচনা হয়।
জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে গণহত্যা হিসাবে সংজ্ঞায়িত করা যাবে কিনা এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের মতামত জানতে চান। এসময় চেয়ারম্যান কমিশনের সংগৃহীত এ সংক্রান্ত তথ্য-প্রমাণাদি জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধিকে দেখান।
কাজী রিয়াজুল হক বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের অনুসন্ধানকারী দল এ পর্যন্ত তিন বার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করেছে।
প্রমীলা প্যাটেন রোহিঙ্গা শিবিরে নারী পাচারকারীদের উপস্থিতি এবং বাল্য বিবাহ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। রোহিঙ্গা নারীরা পাচারকারীদের টার্গেট বলে তিনি মন্তব্য করেন। বাসস
ইত্তেফাক/কেকে
