২৩তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে আরো উপস্থিত হন মহেশ ভাট, কমল হাসান, কাজল, কুমার শানু এবং অমিতাভ বচ্চন। প্রায় ২০টি দেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের সামনে শাহরুখ কথা দিলেন, আগামী বছর সব কথা বাংলায় বলবেন তিনি।
শুধু তাই নয়, সামনের বছর থেকে ধুতি পরে আসবেন এই অনুষ্ঠানে। ভক্তদের উদ্দেশ্যে সেদিন শাহরুখ বলেন, ‘কথা দিচ্ছি যে বাংলা আমি শিখবই। আমার বাংলা ভালো হওয়া দরকার। এ বছর কাগজ দেখে বাংলা পড়ছি। আমি কয়েকটা লাইন লিখেছিও, সেগুলি এখানে বলবো আজ। তবে কথা দিচ্ছি, সামনের বছর থেকে কাগজ না দেখেই বাংলা বলবো।’ এই বলে বাংলায় লেখা কয়েকটা লাইন পড়তে শুরু করেন বলিউড বাদশাহ।
ধুতি পরার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বছর তো আর হল না। কিন্তু সামনের বছর থেকে অবশ্যই ধুতি পরবো।’ এই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই উৎসবের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান শাহরুখ। তখন শাহরুখের ধুতি-পঞ্জাবী পরার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সামনে বছর থেকে শাহরুখকে ধুতি-পাঞ্জাবী উপহার দেব। উনি আমাদের কাছে এই উপহার চেয়েছেন।’
এছাড়াও শাহরুখ জানান, চলচ্চিত্র উৎসবের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি। সংস্কৃত এবং ঐতিহ্যের শহর হওয়ার পাশাপাশি কলকাতাকে সবচেয়ে মিষ্টি শহর মনে করেনও এ অভিনেতা। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/রেজা
