বিএনপির আন্দোলনের ডাক দুরাশায় পরিণত হয়েছে : সেতুমন্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৯:০৫
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের ডাক দুরাশায় পরিণত হয়েছে। কারণ বিএনপি গত সাড়ে আট বছরে সাড়ে আট দিনও মাঠে নামতে পারেনি। ৫০০ সদস্যের কেন্দ্রীয় কমিটি এখনো পূর্ণাঙ্গ করতে পারেনি। বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। নেতাকর্মীদের আন্দোলনে ডাক দিয়ে নেতারা এয়ারকন্ডিশন রুমে হিন্দি সিরিয়াল দেখেন। 
 
শনিবার বিকালে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 
 
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকারের গণতান্ত্রিক উদার আচরণকে দুর্বলতা বলে ভাববেন না। বিএনপির ক্ষমতায় আশা মানে আগুন সন্ত্রাস, লুটপাট, আর জঙ্গিবাদের প্রবল উত্থান। বিএনপি নেত্রী আন্দোলনের ডাক দিয়ে টেমস নদীর পারে সাড়ে তিন মাস কাটিয়ে এলেন। বিদেশে বসে আন্দোলনে ডাকে সফলতা আসে না। বিএনপি নেতারা ঘরে বসে মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজান। আন্দোলনের ডাক দিতে গিয়ে বলেন এ বছর না পরের বছর।
 
জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিমিন হোসেন রিমি এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, মো. জাহিদ আহসান রাসেল এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা এসএম মোকছেদ আলম, কাজী ইলিয়াস, কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি