তৃণমূল পর্যায়ে দক্ষ নেতাকর্মী তৈরিতে আওয়ামী লীগের ওয়ার্কশপ

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৯:৩৬
 
সরকারবিরোধী কার্যক্রম মোকাবিলায় বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে দক্ষ নেতাকর্মী তৈরির লক্ষ্যকে সামনে রেখে কেরানীগঞ্জে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর কারিগরি সহায়তায় আয়োজিত এ ওয়ার্কশপে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
কর্মশালায় ঢাকা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেক্রেটারি মুজাহিদুল ইসলাম মামুন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং সরকারকে বিপদে ফেলতে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। মিথ্যা তথ্য উপস্থাপন করে সাম্প্রদায়িক শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে তারা। এই পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরো দক্ষ হতে হবে। 
 
সিআরআই-এর সিনিয়র অ্যানালিস্ট এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সাব কমিটির সদস্য ব্যারিস্টার শাহ আলী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে অবিহিত করার লক্ষ্যে 'ওয়ার্কশপ অন পাবলিসিটি স্ট্রাটেজি অ্যান্ড পার্টি অ্যাক্টিভিটিস' করা হচ্ছে। এই কার্যক্রম পরবর্তীতেও চলবে। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা অনুসারে এভাবে আওয়ামী লীগে প্রান্তিক পর্যায়ে ও অন্যান্য অঙ্গ সংগঠনগুলোতে ওয়ার্কশপ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সিআরআই-এর সহকারী সমন্বয়ক এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সাব কমিটির অপর সদস্য ইঞ্জিনিয়ার তন্ময় আহমেদ। 
 
তিনি জানান, দলের সকল নেতাকর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজ নিজ এলাকায় সরকারের উদ্যোগগুলোর সঙ্গে সাধারণ মানুষকে পরিচিত করে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা অনুসারে এবং সিআরআই-এর কারিগরি সহযোগিতার মাধ্যমে এই ওয়ার্কশপের কার্যক্রম পরিচালিত হচ্ছে। 
 
চলতি বছরের মে মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেষ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সরকারের বিভিন্ন অবদান সম্পর্কে প্রচারণা চালানোর জন্য বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজ নিজ এলাকায় সরকারের বিভিন্ন অর্জন এবং চলতি বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রচারের কথা বলেন তিনি। 
 
 
ইত্তেফাক/ইউবি