উপমহাদেশেই কোচ খুঁজবে বিসিবি

আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ০৯:৪৮
পদত্যাগপত্র দেওয়ার পর থেকে বিসিবির যোগাযোগের চেষ্টায় সাড়া দেননি চন্ডিকা হাতুরুসিংহে। তবে গতকাল বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন নতুন তথ্য। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বাংলাদেশের পদত্যাগী কোচ হাতুরুসিংহের।
 
সেই কথোপকথনে হাতুরাসিংহের ফেরার বিষয় আলোচনা হয়েছে কিনা তা বলতে পারেননি জালাল ইউনুস। অবশ্য বিসিবির এ পরিচালক বলেছেন, শেষ পর্যন্ত হাতুরুসিংহে না আসলে নতুন কোচ খোঁজা শুরু করবে বিসিবি। এবং উপমহাদেশেই নতুন কোচ খুঁজতে চায় বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
 
হাতুরুসিংহের সঙ্গে আলাপ হওয়া সম্পর্কে জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের সাথে সিইওর সাথে আলাপ আলোচনা হয়েছে টেলিফোনে, তিনি জয়েন করবেন কিনা করবেন না এরকম কোনো আলাপ হয়নি। এর মধ্যে যদি না আসে, ডিসিশন হয়ে যায় না আসে তাহলে আমরা নতুন একজন কোচের জন্য চেষ্টা শুরু করব। এর জন্য আমরা খুব একটা তাড়াহুড়া করব না। সময় নেব। দু এক মাস সময় লাগতে পারে।’
 
উপমহাদেশেই নতুন কোচ খুঁজতে চায় বিসিবি। বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতা, সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন ভেবেই উপমহাদেশের কোচদের টার্গেট করছে বাংলাদেশ। জালাল ইউনুস গতকাল বলেছেন, ‘আমাদের দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, আর উপমহাদেশের মানসিকতার সঙ্গে পরিচিত কোনো কোচ হলে তো খুব ভালো হয়। উপমহাদেশের মানসিকতা মানে আমাদের সংস্কৃতির সাথে একটু সামঞ্জস্য থাকে। এর মানে এই নয় যে উপমহাদেশের বাইরে খুঁজব না। আমাদের লক্ষ্য এমন একজন কোচ যে দলের সঙ্গে ভালোভাবে কাজ করতে থাকে।’
 
নতুন কোচ আসার আগের সময়ে স্থানীয় কারো হাতে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হতে পারে। কোচ নিয়োগে সময়ও নিতে চায় বিসিবি। মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘সে (হাতুরুসিংহে) যদি না আসে নিজেদের প্রস্তুতি নিয়ে রাখা ভালো। যাকে আমরা নিয়োগ দেব, যেন আমরা ভালো কোচ নিয়ে আসতে পারি। ভালো কোচ কিন্তু নেই, পাওয়াটা খুব একটা সহজ নয়। ওরকম পেশাদার কোচের বাজারে সংকট আছে। সেজন্য আমরা চিন্তা করছি আমরা সময় নেব। তিন মাসের মধ্যে যদি ওই রকম কিছু জানা না যায় তাহলে আমরা চেষ্টা করব।’
 
এদিকে হাতুরুসিংহের পদত্যাগের বিষয়ে আগে কিছুই জানতেন না মাশরাফি বিন মুর্তজা। লঙ্কান এ কোচের পদত্যাগ সম্পর্কে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক গতকাল বলেছেন, ‘আসলে এখনো তো সব কিছু কেবল শোনা যাচ্ছে। বোর্ড থেকে তার সঙ্গে কথা বলা হবে হয়ত। এই মুহূর্তে তাই মন্তব্য করা খুব কঠিন। আমি আসলে কিছুই জানি না। যেহেতু একটা কথা চলছে যে, সে পদত্যাগ করেছে।’
 
দক্ষিণ আফ্রিকা সফরে কোচের পদত্যাগ বিষয়ে কোনো আভাস পাননি মাশরাফি। নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে বিসিবি চাইলে নিজেদের অভিমত জানাবেন সিনিয়র ক্রিকেটাররা। মাশরাফি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে আমরা কিছু বলার চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ বিশ্বকাপের এখনো এক-দেড় বছর বাকি, যেই কোচ হয়ে আসুক বা চান্দিকা থাকুক; বিশ্বকাপের আগে কিছুটা হলেও সময় কোচ পাবেন।’  
 
ইত্তেফাক/কেআই